প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:১২ এ এম
অনলাইন সংস্করণ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, তার দেশ কোনোভাবেই যুদ্ধ কিংবা সংঘাতের বিস্তার চায় না। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মুখে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান কেবল ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) তেহরানে দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরান সর্বদা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কোনো পক্ষ আক্রমণ করলে তার সমুচিত জবাব দেওয়া জাতীয় অধিকার।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার ভাষণে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনেন। তিনি বলেন, বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পশ্চিমা শক্তির হামলা আন্তর্জাতিক রীতিনীতির চরম অবমাননা। মানবাধিকার প্রশ্নে পশ্চিমাবিশ্বের ‘দ্বৈত মানদণ্ড’ নিয়ে কঠোর সমালোচনা করে তিনি উল্লেখ করেন, একদিকে শান্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে মানবিকতাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর বরাতে জানা গেছে, পেজেশকিয়ান বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, ইরান কোনো রাষ্ট্রকে আগে আক্রমণ করেনি এবং বর্তমানেও কোনো দেশকে আক্রমণের ইচ্ছা তাদের নেই; তারা কেবল বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর শুরু হওয়া সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালিসহ আঞ্চলিক জলসীমায় নতুন করে উত্তজনা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেন, একটি দেশ যেভাবে বহিরাগত আক্রমণের শিকার হলে প্রতিক্রিয়া দেখায়, ইরানও ঠিক একইভাবে নিজের অস্তিত্ব রক্ষায় সোচ্চার হয়েছে। একে যুদ্ধকামিতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কেবল দেশের সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি দেশের মানুষকে শত্রুর মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ইরানের শান্তিকামী অবস্থানের বার্তা দেওয়ার পাশাপাশি এটিও পরিষ্কার করে দিয়েছে যে, নিরাপত্তার প্রশ্নে তেহরান কোনো অবস্থাতেই আপস করবে না।
তথ্যসূত্র: আল জাজিরা, আইএসএনএ এবং এনডিটিভি।
মন্তব্য করুন