বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বার, ২০২৬, ০৪:৫১ পিএম

অনলাইন সংস্করণ

‘আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে পোস্ট করুক’, পরীমনিকে অপু বিশ্বাসের জবাব

সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে পরীমনি ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেন। এবার সেই মন্তব্যের জবাব দিয়েছেন অপু বিশ্বাস।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর অপু বিশ্বাসের বক্তব্যের জবাবে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ করে পরীমনি আরও লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

পরীমনির এমন মন্তব্যের পর এবার মুখ খুলেছেন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পাল্টা জবাব দেন। অপু বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ব্র্যান্ড প্রমোশন নিয়ে শুরু হওয়া এই বিতর্ক এখন দুই নায়িকার ব্যক্তিগত মন্তব্য ও অবস্থান ঘিরে বিস্তৃত হয়েছে।

 

মন্তব্য করুন