বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বার, ২০২৬, ০৫:০৮ পিএম

অনলাইন সংস্করণ

প্রেম, প্রস্তাব ও ক্রিকেটের অনুপ্রেরণা

ক্রিকেট মাঠে বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখলেও জীবনের বিশেষ মুহূর্তে বেশ নার্ভাস ছিলেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের সমুদ্রসৈকতে প্রেমিকা সামরিন কৌরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার মাঠের পারফরম্যান্সে সামরিনের সমর্থনকেও বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন এই ক্রিকেটার।

গত রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২২ রানে জয় পেয়েছে ভারত। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। ম্যাচে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন আর্শদীপ। তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পান ম্যাচসেরার পুরস্কার।

পুরস্কার গ্রহণের পর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে হবু স্ত্রী সামরিনের প্রশংসা করেন আর্শদীপ। তিনি বলেন, ‘ঈশ্বর আমার প্রতি সত্যিই অনেক সদয়। আমি খুব ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি। সে আমাকে সব সময় সমর্থন করে এবং সঠিক মানসিকতা ধরে রাখতে সাহায্য করে। তাই আমার সাফল্যের কৃতিত্বের বড় একটা অংশ তারও প্রাপ্য। মাঠে আমি কেমন পারফর্ম করব, তা অনেকটাই নির্ভর করে মাঠের বাইরে আমি কীভাবে নিজেকে পরিচালনা করছি, তার ওপর।’

গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে সামরিনের উপস্থিতিও তাঁকে বাড়তি আনন্দ দিয়েছে বলে জানান আর্শদীপ। প্রেমের প্রস্তাব দেওয়ার সময়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারত না। আমি বেশ নার্ভাস ছিলাম, তবে চারপাশের সুন্দর পরিবেশ আমাকে সাহায্য করেছে। সব মিলিয়ে অনুভূতিটা দারুণ।’

আর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। তবে গত ১১ নভেম্বর নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের সমুদ্রসৈকতে সামরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্কের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন দুজন।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে তাঁরা লেখেন, ‘জীবন আমাদের যত কিছুই দিতে পারত, তার মধ্যে একে অপরকে পাওয়াটাই সবচেয়ে আনন্দের। একসঙ্গে সারা জীবন কাটানোর জন্য।’ ক্যাপশনের শেষে ১১.১১.২০২৬ তারিখটি উল্লেখ করেন তাঁরা।

আর্শদীপের হবু স্ত্রী সামরিন কৌর একজন অভিনেত্রী ও মডেল। জম্মু-কাশ্মীরে জন্ম নেওয়া সামরিন ছোটবেলা থেকেই ফ্যাশন ও মডেলিংয়ের প্রতি আগ্রহী ছিলেন। ২০২১ সালে ‘ন্যাশনাল হেরাল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ১৭ বছর বয়সে প্রথমবার মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন।

২০১৮ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিতে অডিশন দেন সামরিন। সেখানে জম্মু-কাশ্মীরের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে রাজ্য পর্যায়ের ফাইনালিস্ট হন। শখের বশেই ওই প্রতিযোগিতায় অডিশন দিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

পড়াশোনার পাশাপাশি মডেলিং চালিয়ে যান সামরিন। পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে সংগীতের ভিডিওতে কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি বাড়ে তাঁর।

র‍্যাপার বাদশাহর ‘বাউলা’ গানের ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসেন সামরিন। এ ছাড়া জুবিন নটিয়ালের ‘তুঝে ভুলনা তো চাহা’ গানেও দেখা গেছে তাঁকে। গুরু রনধাওয়া, জ্যাস মানক ও মনিন্দর বুট্টারের মতো শিল্পীদের সংগীতের ভিডিওতেও কাজ করেছেন তিনি।

সংগীতের ভিডিওর পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন সামরিন। দিলজিৎ দোসাঞ্জ অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সর্দার জি ২’-তে শাইনি চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০১৯ সালে পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমায় বন্দনা চাওলা চরিত্রে দেখা যায় তাঁকে। এতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া।

কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় অভিনয়ও তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর একটি। ভারতের ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়ে নির্মিত ছবিটিতে সিমরান চরিত্রে অভিনয় করেন সামরিন। চরিত্রটি ছিল ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুর বাগ্‌দত্তার। পর্দায় ক্রিকেটারের বাগ্‌দত্তার চরিত্রে অভিনয়ের কয়েক বছর পর বাস্তব জীবনেও একজন ভারতীয় ক্রিকেটারের জীবনসঙ্গী হতে চলেছেন তিনি।

এ ছাড়া জি ফাইভের আইনি থ্রিলার ‘নেইল পলিশ’-এ অর্জুন রামপাল ও মানব কৌলের সঙ্গে অভিনয় করেছেন সামরিন। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল চারু রায়না।

অভিনয় নিয়ে নিজের পছন্দের কথাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সামরিন। তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যা গল্পের গতিপথে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে নারীপ্রধান সিনেমায় শক্তিশালী চরিত্রে অভিনয়ের আগ্রহ রয়েছে তাঁর।

একটি চরিত্র পর্দায় তুলে ধরার আগে নির্মাতাদের ভাবনা বোঝা এবং সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ করার পুরো প্রক্রিয়াটিই উপভোগ করেন বলে জানিয়েছিলেন তিনি।

আর্শদীপের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার আগে ইউটিউবার আশিষ চঞ্চলানির সঙ্গে সামরিনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে দুজনই সেই গুঞ্জন অস্বীকার করে জানিয়েছিলেন, তাঁরা ভালো বন্ধু। পরে এক সাক্ষাৎকারে সামরিন জানান, ব্যক্তিগত কিছু কারণে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলেছে। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রয়েছে।

২০২৬ সালের আইপিএল মৌসুমে পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে সামরিনকে দেখা যাওয়ার পর আর্শদীপের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা বাড়ে। ধর্মশালায় একসঙ্গে ছুটি কাটানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ২৬ জুলাই আর্শদীপ নিজেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। সামরিনের সঙ্গে দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মাই পারসন’। এরপর আর সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি তাঁরা। অবশেষে ১১ নভেম্বর নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতে সামরিনকে বিয়ের প্রস্তাব দেন আর্শদীপ।

 

মন্তব্য করুন