তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:০৪ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, ৬৮৫ নতুন আক্রান্ত: দেশে ভয়াবহ রূপ নিচ্ছে হাম সংক্রমণ

দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হাম-এর সংক্রমণ। গত একদিনেই এই বায়ুবাহিত রোগে প্রাণ হারিয়েছে চার শিশু, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে কয়েকশ’ শিশু।

“গত ২৪ ঘণ্টায় (একদিনে) দেশে বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৬৮৫ শিশু।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, নতুন করে মৃত্যুর এ ঘটনায় চলতি বছরে হাম-এ মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪২ জনে। এর মধ্যে মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে।

সংক্রমণ শুধু রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ নেই। ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোগটির বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত দ্রুত ছড়াতে সক্ষম একটি সংক্রামক রোগ। আক্রান্তদের মধ্যে জটিলতা হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি এনসেফালাইটিস দেখা দিতে পারে, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে।

মন্তব্য করুন