প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১১:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
মোটরসাইকেলের সিরিয়াল ও গাড়ি ছাড়ার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মধ্যে যাত্রী চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।কয়েকদিন ধরে দুই উপজেলার মোটরসাইকেল চালকদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা চলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।এক উপজেলার মোটরসাইকেল অন্য উপজেলার সীমানায় প্রবেশ করতে না পারায় মাঝপথে গাড়ি পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।
জানা যায়,তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মোটরসাইকেল চালকদের মধ্যে সিরিয়াল ব্যবস্থাপনা এবং গাড়ি ছাড়ার অনুপাত নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছে।তাহিরপুরের মোটরসাইকেল চালকদের দাবি,তাদের উপজেলায় মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় দুটি মোটরসাইকেল ছাড়ার পর মধ্যনগরের একটি মোটরসাইকেল যাত্রী নিয়ে যাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে মধ্যনগরের চালকদের দাবি,দুই উপজেলার মোটরসাইকেল সমান অনুপাতে চলাচলের সুযোগ দিতে হবে।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকদিন ধরে বাকবিতণ্ডা চলছে।
তবে দুই উপজেলার মোটরসাইকেলের প্রকৃত সংখ্যা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উভয় পক্ষই নিজ নিজ এলাকায় মোটরসাইকেলের সংখ্যা বেশি বলে দাবি করছে। আর এই সংখ্যার হিসাব ও সিরিয়াল ভাগাভাগি নিয়েই মূলত বিরোধের সূত্রপাত।
এ বিষয়ে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের জয়শ্রী গ্রামের মোটরসাইকেল চালক আলী বলেন,আমাদের উপজেলায় যেহেতু মোটরসাইকেলের সংখ্যা বেশি,সে হিসাবে গত বছর আমরা দুটি গাড়ি যাত্রী নিয়ে যাওয়ার পর মধ্যনগরের একটি গাড়ি যাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু এ বছর মধ্যনগর উপজেলার চালকরা সমান-সমান সিরিয়াল দাবি করছেন। এ নিয়েই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে।অন্যদিকে মধ্যনগর উপজেলার মোটরসাইকেল চালক নয়ন মিয়া বলেন,আমাদের উপজেলাতেও অসংখ্য মোটরসাইকেল রয়েছে। সে হিসাবে আমরা সমান-সমান চাচ্ছি, বৈষম্য নয়।
দুই পক্ষের এমন ভিন্ন অবস্থানের কারণে বিরোধ ক্রমেই জটিল হয়ে উঠেছে। একপর্যায়ে তাহিরপুরের মোটরসাইকেল চালকরা যাত্রী নিয়ে মধ্যনগর উপজেলার সীমানায় প্রবেশ করতে পারছেন না। একইভাবে মধ্যনগরের মোটরসাইকেল চালকরাও যাত্রী নিয়ে তাহিরপুর উপজেলার সীমানায় প্রবেশ করতে পারছেন না। ফলে দুই উপজেলার মধ্যে সরাসরি মোটরসাইকেল চলাচল কার্যত বাধাগ্রস্ত হচ্ছে।
বর্তমানে উভয় উপজেলার মোটরসাইকেল চালকরা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারের পাশে নিজ নিজ এলাকার সীমানায় অবস্থান করছেন বলে জানা গেছে।এতে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতকারী যাত্রীদের মাঝপথে মোটরসাইকেল পরিবর্তন করতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়। সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
কলমাকান্দা-দুর্গাপুর থেকে মধ্যনগর হয়ে তাহিরপুর সড়কপথে আসা ইয়াকুব আলী নামের এক যাত্রী বলেন,সুনামগঞ্জ যাওয়ার জন্য ভাড়ায় মোটরসাইকেল নিয়েছি।চালকের সঙ্গে যাওয়া-আসার ভাড়াও নির্ধারণ করা হয়েছিল।কিন্তু মাঝপথে এসে মোটরসাইকেল পরিবর্তন করতে হচ্ছে।এতে সময় নষ্ট হচ্ছে, আবার অতিরিক্ত টাকাও দিতে হচ্ছে।এর চেয়ে আর ভোগান্তি কী হতে পারে?
স্থানীয়দের মতে,মোটরসাইকেলের সিরিয়াল ও গাড়ি ছাড়ার অনুপাত নিয়ে চালকদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। তবে সেই বিরোধের প্রভাব সাধারণ যাত্রীদের যাতায়াতের ওপর পড়া কোনোভাবেই কাম্য নয়। যাত্রী পরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় পারস্পরিক সমঝোতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।এ পরিস্থিতিতে দুই উপজেলার মোটরসাইকেল চালকদের মধ্যে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সিরিয়াল ব্যবস্থা চালু এবং আন্তঃউপজেলা যাত্রী চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।একই সঙ্গে এ বিরোধ নিরসনে দুই উপজেলা প্রশাসন,স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সাধারণ যাত্রীদের প্রত্যাশা,চালকদের ভাগ-বাঁটোয়ারার বিরোধের অবসান ঘটিয়ে দ্রুত স্বাভাবিক হবে তাহিরপুর-মধ্যনগর পথে যাত্রী চলাচল।
মন্তব্য করুন