প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠিয়েছে।
সার্কুলার অনুযায়ী, ঈদের দিন বাদে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথ প্রয়োজনে খোলা থাকবে। এই ব্যবস্থা সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনেও প্রযোজ্য হবে।
তৈরি পোশাক শিল্পঘন এলাকায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা থাকবে। এসব দিনে সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্ধারিত শাখায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। গ্রাহকদের সঙ্গে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত করা যাবে। এরপর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
এছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য বন্দর এলাকায় ব্যাংকিং কার্যক্রমেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর সংলগ্ন ব্যাংক শাখাগুলোতে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে যদি ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়, সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
মন্তব্য করুন