তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪১ পিএম

অনলাইন সংস্করণ

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে মামলাজট কমানো কিংবা দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতে, বেঞ্চ বাড়ানোর পাশাপাশি মামলার নিষ্পত্তির গতিও বাড়াতে হবে। এ ছাড়া গাজীপুরের মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনাটিও আবেগের পরিবর্তে আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, বেঞ্চ বাড়ানোর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে কতসংখ্যক মামলা নিষ্পত্তি হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য গঠিত একটি বেঞ্চের উদাহরণ দিয়ে তিনি জানান, ওই বেঞ্চটি প্রায় ৩০ থেকে ৩৫টি কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের প্রায় ২৪টি মামলা নিষ্পত্তি করেছে। অথচ পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, একই ধরনের এখতিয়ারসম্পন্ন অন্য বেঞ্চগুলো হয়তো সমপরিমাণ মামলা নিষ্পত্তি করতে পারছে না।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বিচারপ্রার্থীদের, বিশেষ করে নির্জন কারাবাসে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত মামলা নিষ্পত্তির অধিকার রয়েছে। তারা দোষী হলে সাজা ভোগ করবেন, আর নির্দোষ হলে খালাস পাবেন।

এই অধিকার সমুন্নত রাখতে ক্ষেত্রবিশেষে প্রধান বিচারপতি বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারেন বলে উল্লেখ করেন তিনি। তবে শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়; একই সঙ্গে মামলা নিষ্পত্তির গতিও নিশ্চিত করতে হবে।

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কুদ্দুস কাজল বলেন, এজলাসে স্থানস্বল্পতা ও আইনজীবীদের বিপুল উপস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে নির্দিষ্টসংখ্যক প্রতিনিধিকে প্রবেশের সুযোগ দেওয়ার যে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জানান, আগের দিনও দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ তাঁরা সুপ্রিম কোর্ট প্রশাসনকে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়টি অবহিত করেছেন।

 

মন্তব্য করুন