প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয় ছিল। কিন্তু নতুন সর্বোচ্চ নেতা তার প্রথম পররাষ্ট্রনীতি সংক্রান্ত বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার কঠোর ও অনমনীয় অবস্থান নিয়েছেন।
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) তার প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘তার সব আদেশ মেনে চলবে এবং বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে’।
ইসরায়েলি বিমানবাহিনী ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি এবং বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন। তবে ইরান এখনো এ দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ হত্যার দাবি করলেও তেহরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এ হামলার পর ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে বলে মনে করা হচ্ছে।
নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনমনীয় অবস্থান এবং ইসরায়েলি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য করুন