তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ০৫:২৩ পিএম

অনলাইন সংস্করণ

বড় চোটের আশঙ্কা নেই, দ্রুতই মাঠে ফিরছেন মুস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় চরম সাহসের পরিচয় দিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ম্যাচের ৪৯তম ওভারে নিজের শেষ স্পেল করতে এসে পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির জোরালো শট সরাসরি তার হাঁটুতে লাগে। তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন ফিজ, মাঠে স্ট্রেচারও চলে আসে। কিন্তু অসাধারণ মানসিক শক্তি দেখিয়ে উঠে দাঁড়িয়ে শুধু ওভারই শেষ করেননি, ওই একই বলে হারিস রউফকে আউট করে ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

প্রাথমিকভাবে অনেকেই আশঙ্কা করেছিলেন হাঁটুর লিগামেন্ট বা অন্য কোনো গুরুতর চোট হতে পারে। তবে বিসিবির সূত্র থেকে জানা গেছে, চোটের পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় কোনো বড় সমস্যা ধরা পড়েনি। অস্বস্তিও খুবই কম। ফলে বড় চোটের শঙ্কামুক্ত বলে নিশ্চিত করা হয়েছে মোস্তাফিজকে।

চোটের ঘটনার পর তিনি ইতোমধ্যে ঈদ উদযাপনের জন্য নিজের জেলা সাতক্ষীরায় চলে গেছেন। ঈদের ছুটি শেষ করে চলতি মাসেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ফিজ। তবে টুর্নামেন্ট চলাকালীন নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরতে হতে পারে, এটি নির্ভর করবে বিসিবির অনাপত্তিপত্র (NOC) দেওয়ার ওপর।

মন্তব্য করুন