তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০১:২৪ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় চলন্ত মাইক্রোবাসে বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৩

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল। চালক রিন্টু গাড়ির ভেতরেই পুড়ে মারা যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাযে ভর্তি করা হয়েছে।”

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন