তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৪:২১ পিএম

অনলাইন সংস্করণ

মানবাধিকার লঙ্ঘন রোধে র‍্যাব বিলুপ্তির দাবি

প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

সংগ্রহীত ছবি

নিরাপত্তা বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে দেয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই চিঠি লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইআরডব্লিউ), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ আরও কয়েকটি সংগঠন। এইআরডব্লিউ-এর ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইচ্ছামতো বা বেআইনি আটক বন্ধ করা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং বিতর্কিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা প্রয়োজন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা উল্লেখ করেছে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। যদিও তার পতনের পর এসব ঘটনার অনেকটাই কমেছে, অন্তর্বর্তী সরকারের সময়ও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক এবং সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি সুপারিশও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন