তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

দেশে হামের সংক্রমণ বাড়ায় ২ কোটি শিশুকে টিকাদানের বিশেষ কর্মসূচি জুনে

হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা। ছবি: সংগ্রহীত

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় বড় পরিসরের একটি বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। রুটিন ইমিউনাইজেশন কার্যক্রমের বাইরে এই অতিরিক্ত উদ্যোগের মাধ্যমে জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাস ধরে সারা দেশে শিশুদের টিকা দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে, যা বিদ্যমান নিয়মিত টিকাদান সূচির তুলনায় বিস্তৃত পরিসর।

সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

তিনি বলেন, হামের রুটিন টিকাদান চলছে। দেশে চলমান হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ টিকাদান ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। এটি নিয়মিত (রুটিন) টিকাদান কার্যক্রমের বাইরে অতিরিক্ত উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।

হালিমুর রশিদ আরো বলেন, এখন ৯ মাস বয়সি শিশুরা হামের ভ্যাকসিনের প্রথম ডোজ ও ১৫ মাসের শিশু সেকেন্ড ডোজ পায়। তবে ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে শুরু করে ১০ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে অধিক সংক্রমিত শিশুদের বিবেচনায় এনে বয়সসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কর্মসূচি শুরুর আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী অভিভাবকদের অবহিত করা হবে। এছাড়া মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং অঞ্চলভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়।

এই ক্যাম্পেইনে আন্তর্জাতিক জোট গ্যাভি থেকে আর্থিক, কারিগরি ও সরঞ্জাম সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ পৌঁছে দেওয়া হবে।

এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন