প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘে দীর্ঘদিনের কূটনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা। প্রায় ১২ বছর দায়িত্ব পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নোটিশে তিনি তার দায়িত্ব স্থগিতের ঘোষণা দেন এবং একই সঙ্গে তোলেন বেশ কিছু গুরুতর অভিযোগ।
তার বক্তব্য অনুযায়ী, বৈশ্বিক পর্যায়ে একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষ পুরোপুরি অনুধাবন করতে পারছে না। সাফা লিখেছেন, ‘আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
তিনি তেহরানের জনসংখ্যার প্রসঙ্গ টেনে সম্ভাব্য বিপর্যয়ের ব্যাপকতা তুলে ধরেন। একই সঙ্গে নিজের পদত্যাগের সিদ্ধান্তের পেছনে কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়।’
এছাড়া জাতিসংঘের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়েও অভিযোগ করেন তিনি। তার দাবি, সংস্থাটির উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তা প্রভাবশালী একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। গাজা, লেবানন ও ইরান সংশ্লিষ্ট পরিস্থিতি বর্ণনায় আন্তর্জাতিক আইনের ভাষা ব্যবহার থেকেও তারা বিরত থাকছেন বলে অভিযোগ করেন সাফা।
নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ভিন্নমত প্রকাশের কারণে তিনি ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন বলে দাবি করেন। একই সঙ্গে ইরানের পারমাণবিক ইস্যুতে ‘ভুয়া প্রচারণা’ চালিয়ে জনমত প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানান এই কূটনীতিক।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পিভিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাফা। পাশাপাশি ২০১৬ সাল থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এ বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখিও সম্ভাব্য পারমাণবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেছিলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা, এটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। আমরা যতটা প্রস্তুতি নিই না কেন, ক্ষতি ঠেকানোর কিছু নেই। এই অঞ্চলের জন্য এবং এটা ঘটলে বিশ্বের জন্য পরিণতি দশকের পর দশক ধরে থাকবে।’
মন্তব্য করুন