প্রকাশিত: ৫ মিনিট আগে, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদনও করেছেন তিনি।
সৈয়দ মোজাম্মেল আলীর ভাষ্য, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এ কারণে বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ভিন্ন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর অনুরোধ বাংলাদেশ সরকার বিবেচনা করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করার কথা জানিয়েছিল ভারত।
তথ্যসূত্র: রয়টার্স।
মন্তব্য করুন