তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১২ মিনিট আগে, ০৩:২৪ পিএম

অনলাইন সংস্করণ

‘আইনের প্রতি শ্রদ্ধা থাকলে আত্মসমর্পণ করা উচিত ছিল’: রিজভী

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা এবং রাষ্ট্রীয় বিমানে ফেরার ইচ্ছার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তাঁর উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন রিজভী। মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এ কর্মসূচির আয়োজন করে।

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ‘পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও একটা ভয়ংকর নীলনকশা চলছে।’

তিনি আরও বলেন, ‘যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।’

দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘বিএনপির তিনজন খুন হয়েছেন। এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের।’

বাংলাদেশে কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে রিজভী বলেন, ‘বাংলার মাটি অত্যাচার সহ্য করে না, কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না।’

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তার জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না।’

শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী আরও বলেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হাসিনা।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন এমপি।

রিজভী আরও বলেন, ‘বাংলার মাটি অত্যাচার সহ্য করে না, কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না।’

 

মন্তব্য করুন