প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার গাঢ় গোলাপি রঙের কারুকাজ করা সালোয়ার-কামিজে নতুন লুকে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে।
ছবিতে পূর্ণিমার পরনে ছিল গাঢ় গোলাপি রঙের নকশা করা সালোয়ার-কামিজ। পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম সূচিকর্ম, ফুলেল নকশা এবং পুঁতির কাজ আলাদা আভিজাত্য যোগ করেছে।
সাজসজ্জাতেও ছিল পরিমিত ও মার্জিত ছোঁয়া। খোলা ঢেউখেলানো বাদামি চুল, হালকা ব্লাশ, পরিপাটি চোখের সাজ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন তিনি। কানে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলের আংটিতে পূর্ণতা পেয়েছে তাঁর পুরো সাজ।
ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মাধুর্য, আর অনেকখানি আভিজাত্য’। তাঁর নতুন লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুসারীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৩০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার পাশাপাশি দেখা গেছে নানা রসিকতাও। একজন লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজনের মতে, পূর্ণিমা এখনো তাঁর ‘ছোটবেলার ক্রাশ’।
শামীম সামি নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা। আমার আম্মা বুড়া হয়ে গেছে।’
তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পূর্ণিমার জনপ্রিয়তার বিষয়টি নিয়ে করা মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছে। মো. সম্রাট নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘এক সময় আমার দাদার ক্রাশ ছিল। তারপর আমার বাপের ক্রাশ ছিল। এখন আমার ক্রাশ।’
দীর্ঘদিন ধরেই নিয়মিত অভিনয়ে দেখা যাচ্ছে না পূর্ণিমাকে। মাঝেমধ্যে বিশেষ কিছু কাজে অংশ নিলেও বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে বেশি সক্রিয় তিনি। পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গেছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ।
মন্তব্য করুন