প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন সত্যি হচ্ছে না। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আগেই তাঁকে প্রধান নারী চরিত্রের জন্য চূড়ান্ত করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান। ছবির ক্যাপশনে শুধু ‘নেক্সট’ শব্দটি লেখেন তিনি। এরপরই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।
প্রযোজকের ওই রহস্যময় পোস্ট ঘিরে অনেকের ধারণা তৈরি হয়, শাকিব খানের নতুন সিনেমায় দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারাকে। তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহব্বত’-এর প্রধান নারী চরিত্রে কিনজা হাশমিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির অভিনয়ের কোনো সম্ভাবনা নেই।
এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন প্রযোজক আরশাদ আদনানও। তিনি স্পষ্ট করেছেন, ‘মহব্বত’-এ কিয়ারা থাকছেন না, নায়িকা হিসেবে কিনজাই চূড়ান্ত। তবে ভার্সেটাইল মিডিয়ার ভবিষ্যতের কোনো সিনেমায় কিয়ারাকে যুক্ত করার বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা বা পরিকল্পনা থাকতে পারে।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো আলোচিত সিনেমার প্রযোজক আরশাদ আদনান মূলত আগামী বছরের সম্ভাব্য নতুন কোনো কাজের পরিকল্পনা থেকেই কিয়ারার ছবি পোস্ট করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পরিচালক হিমেল আশরাফ আগামী ঈদুল আজহায় বড় পর্দায় ‘মহব্বত’ মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন। শাকিব খান ও কিনজা হাশমিকে নিয়ে নির্মিতব্য সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।
মন্তব্য করুন