প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ইরান এখনও ফুটবল বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ পড়েনি। এশীয় ফুটবল সংস্থা (এএফসি) জানিয়েছে, ইরান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিনা, তা এখনও চূড়ান্তভাবে বলা যায় না।
সোমবার (১৬ মার্চ) এএফসির সচিব দাতো উইন্ডসন জন জানান, “ওরা আমাদের সদস্য দেশ। আমরা চাই ওরা খেলুক। যতদূর আমরা জানি, ইরান খেলছে। এটা একটি আবেগপ্রবণ সময়, অনেকে অনেক কথা বলছে। দিনের শেষে ইরান ফেডারেশনই ঠিক করবে ওরা খেলবে কি না। এখনও পর্যন্ত ইরান জানিয়েছে যে, তারা বিশ্বকাপে যাচ্ছে।”
প্রসঙ্গত, সম্প্রতি ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এই দুর্নীতিগ্রস্ত শাসক আমাদের নেতাকে হত্যা করেছে। সেটা মাথায় রেখে কোনও পরিস্থিতিতেই আমরা বিশ্বকাপে খেলতে যাব না। আমাদের শিশুরা নিরাপদ নয়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলার কথা মাথায় রাখা উচিত নয়। ওরা ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে। গত আট-ন’মাসে দু’বার আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই ওই দেশে আমাদের উপস্থিত থাকার কোনও প্রয়োজন নেই।” তিনি ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর হত্যাকাণ্ডকেও উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের ফুটবলারদের সতর্ক করে লিখেছেন, “বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওরা এখানে আসা উচিত।”
এতে জবাব দিয়ে ইরানের ফুটবল দলের অফিসিয়াল সমাজমাধ্যমের অ্যাকাউন্টে বলা হয়েছে, “বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল ধারাবাহিকভাবে শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য সাফল্য অর্জন করেছে। তাই কেউ ইচ্ছা করলে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যা শুধু আয়োজক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।”
উল্লেখ্য, এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে ইরান গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলার কথা লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেল-এ।
মন্তব্য করুন