তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:১৩ পিএম

অনলাইন সংস্করণ

আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঢুকে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধর করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পরিচালকের কক্ষের ভেতরে এ ঘটনা ঘটে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কাজী আহমেদ জাকি নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় ৮-৯ জন তাঁর কক্ষে ঢুকে তাঁকে চেয়ার থেকে টেনে তোলেন এবং মারধর শুরু করেন।

আইইডিসিআর দেশের রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা ও সতর্কবার্তা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও যৌথভাবে কাজ করে।

বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, ‘ওর (কাজী আহমেদ) ও তো কিছু দোষ আছে।’

কী দোষ জানতে চাইলে তিনি মুঠোফোনে থাকা একটি ছবি দেখিয়ে বলেন, এই সরকারের সময় কাজী আহমেদ কি করে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে তার (কাজী আহমেদ) নিজের অফিসে বৈঠক করে?

জনস্বাস্থ্যবিদ মীরজাদী সাবরিনা ফ্লোরা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আইইডিসিআরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। করোনা মহামারির সময় সংবাদমাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।

মারধরের সময় পরিচালকের কক্ষে উপস্থিত থাকা একজন জনস্বাস্থ্যবিদ নাম প্রকাশ না করার শর্তে বলেন, যারা মারধর করেছেন, তাঁদের তিনি আগে কখনো আইইডিসিআরে দেখেননি।

জনস্বাস্থ্যবিদ ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, পরিচালকের নিজের কক্ষে তাঁকে মারধর করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি এ ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কাজী আহমেদ জাকি যুগান্তরকে বলেন, ‘আমি অফিসিয়ালি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

 

মন্তব্য করুন