বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১১:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

পঞ্চম বিয়ে নিয়ে জেনিফার লোপেজের মুখে অনিশ্চয়তা

চারবার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে হাসিখুশি মনেই কথা বলতে পারেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তবে পঞ্চমবার বিয়ের প্রসঙ্গ উঠতেই কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন ৫৭ বছর বয়সী এই গায়িকা।

সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ স্ক্রিনিং ও আড্ডায় অংশ নিয়ে ব্যক্তিগত ও রোমান্টিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেন জেনিফার।

আড্ডার একপর্যায়ে তাঁর চারবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ ওঠে। ‘জেনি ফ্রম দ্য ব্লক’খ্যাত এই গায়িকা স্বীকার করেন, এসব বিচ্ছেদ তাঁর জীবনের একটি বড় অধ্যায়।

এ সময় এক দর্শক মজা করে বলেন, ‘আপনার তো এখনো (বিয়ে করার জন্য) আরও ছয়টি আঙুল বাকি আছে!’ দর্শকের এমন রসিকতায় হেসে জেনিফার পাল্টা বলেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ এমনকি কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও মজা করেন তিনি।

তবে পঞ্চম বিয়ে নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি জেনিফার। হাসিমুখে তিনি বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম ও ভক্তদের মধ্যে নানা জল্পনা চলছে। সম্প্রতি ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা নাকচ করেছেন তিনি।

গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার জানান, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করা বা একসঙ্গে দেখা গেলেই মানুষ সহজে প্রেমের সম্পর্ক ধরে নেয়, যা বাস্তবে সত্য নয়।

জেনিফারের আগের চার স্বামী

জেনিফার লোপেজের প্রথম বিয়ে হয় ওজানি নোয়ার সঙ্গে। ১৯৯৭ সালে বিয়ে করা এই সম্পর্কের বিচ্ছেদ হয় ১৯৯৮ সালে।

এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জুডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

২০০২ সালে ‘জিগলি’ সিনেমার শুটিংয়ে বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফারের পরিচয় হয়। ২০০৩ সালে তাঁদের বিয়ের কথা থাকলেও অতিরিক্ত গণমাধ্যমের নজরদারির কারণে তা স্থগিত হয়। ২০০৪ সালের জানুয়ারিতে তাঁদের সম্পর্কের ইতি ঘটে।

এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। ২০০৮ সালে তাঁদের যমজ সন্তান ম্যাক্স ও এমের জন্ম হয়। ২০১৪ সালে মার্ক অ্যান্থনির সঙ্গে জেনিফারের বিচ্ছেদ হয়।

এরপর সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার। ২০১৯ সালে তাঁদের বাগদান হলেও ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

প্রথম বাগদানের প্রায় দুই দশক পর ২০২১ সালে আবারও বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার। ২০২২ সালে লাস ভেগাস ও জর্জিয়ায় তাঁদের বিয়ে হয়। তবে ২০২৪ সালের ২০ আগস্ট বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়।

 

মন্তব্য করুন