তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:১২ এ এম

অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধে দুটি মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অবরোধ চলছিল।

শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। সোমবারও মহানগরীর কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় দিনভর বিক্ষোভ করেন তাঁরা।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আবারও সড়কে নেমেছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, “কয়েকটি এলাকায় সকালে শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।”

 

মন্তব্য করুন