বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বার, ২০২৬, ০৪:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবককে মুক্তির নির্দেশ

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। দিল্লি থেকে গ্রেপ্তারের পর স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করেই তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসায় পুলিশের আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত ওই যুবকের তিন দিনের রিমান্ড আবেদনও খারিজ করে দেন আদালত।

‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনাক্ষীর কিছু বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা করা হয়। তদন্তে দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনের নাম উঠে আসে।

গত ১৫ নভেম্বর সকালে দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানা পুলিশের সহযোগিতায় আরিয়ানকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর তাঁকে বিমানে করে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধারের জন্য আদালতে তাঁর তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

তবে আদালতে হাজির করার পর গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। দিল্লি থেকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে কেন সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসা হলো, তা জানতে চান তিনি। এ বিষয়ে পুলিশ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, গ্রেপ্তারের আগে নিয়মমাফিক কোনো নোটিশ দেওয়া হয়নি। একই সঙ্গে কেন তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

ভারতের নতুন ফৌজদারি আইন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা ও কারণ তদন্তকারী কর্মকর্তাকে নথিভুক্ত করতে হয়। আদালত জানান, শুধু তদন্তের স্বার্থে কাউকে ইচ্ছামতো গ্রেপ্তার করা যায় না; আইন নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এরপর আদালত পুলিশের তিন দিনের রিমান্ড আবেদন খারিজ করে দেন এবং আরিয়ানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

তবে আদালতের এই নির্দেশে সোনাক্ষীকে ঘিরে করা অভিযোগের তদন্ত বন্ধ হচ্ছে না। বিকৃত ছবিগুলো কীভাবে তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে বান্দ্রা থানা পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

 

মন্তব্য করুন