প্রকাশিত: ১৬ নভেম্বার, ২০২৬, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ
সেঞ্চুরির জন্য অপেক্ষাটা ছিল মাত্র ৮ রানের। আগের দিনই তিন অঙ্কের মাইলফলক ছোঁয়ার সুযোগ ছিল বাংলাদেশের ব্যাটার লিটন দাসের। তবে শেষ পর্যন্ত তা হয়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে বিশেষ এক দিনে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
দিনটি লিটনের কাছে অন্য কারণেও বিশেষ। তার কন্যা আনায়রার জন্মদিন আজ। আর মেয়ের এই বিশেষ দিনেই ব্যাট হাতে শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।
সেঞ্চুরি পূর্ণ করতে লিটনের সময় লেগেছে মাত্র ২০ মিনিট। ৯৮ রান থেকে মার্কো ইয়ানসেনের বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। বলটি সীমানা পেরিয়ে যেতেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ হয় তার।
সেঞ্চুরি করার পরপরই পকেট থেকে একটি কাগজ বের করেন লিটন। সেখানে লেখা ছিল, 'শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।' মেয়ের জন্মদিনে পাওয়া এই শতকটি এভাবেই কন্যাকে উৎসর্গ করেন তিনি।
এর আগে দিনের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন লিটন। সেখানে তিনি লিখেছিলেন, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা! তোমার বিশেষ দিনে তোমার সাথে থাকতে পারলে ভালো হতো। তবে দূর থেকেও তুমিই আমার ভাবনার পুরোটা জুড়ে আছো, আমার আশির্বাদ তোমার সঙ্গে আছে। তুমি যেন সবসময় সুস্থ থাকো, সুখে থাকো, আর তোমার মনটা যেন সুন্দর থাকে। একজন চমৎকার মানুষ হয়ে বেড়ে ওঠো, আর এভাবেই আলো ছড়াতে থাকো, আমার ছোট্ট সোনা। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে, যা কথায় প্রকাশ করার মতো নয়।'
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে লিটন দাসের এই আবেগঘন উদ্যাপন ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন