প্রকাশিত: ১৬ নভেম্বার, ২০২৬, ১০:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
আগামী ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও বিয়ের খবর নিয়ে এখনো প্রকাশ্যে কিছু নিশ্চিত করেননি তিনি। তবে সম্প্রতি একটি নিমন্ত্রণপত্রকে কেন্দ্র করে অভিনেত্রীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিমি। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁর বিয়ের কার্ডের একটি ছবি দেখিয়ে জানতে চাওয়া হয়, সত্যিই কি তাঁর বিয়ের প্রস্তুতি চলছে?
প্রশ্ন শুনে প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। মুচকি হেসে উল্টো সাংবাদিকদের কাছে জানতে চান, কার বিয়ের কার্ডের কথা বলা হচ্ছে। তাঁর এমন প্রতিক্রিয়ায় বিয়ে নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে মিমি এমন একটি মন্তব্য করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, "আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা কর।"
অভিনেত্রীর এই মন্তব্যে বিয়ের খবর নিশ্চিত না হলেও সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি তিনি। ফলে আগামী ডিসেম্বরেই মিমির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে কি না, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
মন্তব্য করুন