নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লার নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থী ও টিম লিডারদের সংবর্ধনা এবং ‘তারেক রহমান’ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

 

 

কুমিল্লার নাঙ্গলকোটে ‘সবার আগে বাংলাদেশ প্রোগ্রাম-২’-এর নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী ও টিম লিডারদের মাঝে পুরস্কার বিতরণ, সংবর্ধনা এবং তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে গ্র্যান্ড ক্যাসেল হোটেলের মিলন আয়তনে ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য টিম লিডারদেরও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় **"তারেক রহমান অনেক প্রত্যাশার একটি নাম"** শিরোনামে একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন সংগঠনের চেয়ারম্যান মামুনুর রশীদসহ আমন্ত্রিত অতিথিরা।

স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও আমেরিকা প্রবাসী মামুনুর রশীদ মামুন। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে তরুণ ও মেধাবী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুপো, সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক ও আসমা শাহাদাত, মুখপাত্র তুহা হাসান এবং বিভিন্ন স্তরের ছাত্রদল ও সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে গত তিন মাস পূর্বে ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’-এর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও পরিবারকে নিয়ে ৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের একটি অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে বিজয়ী ও উত্তীর্ণদের এই সংবর্ধনা দেওয়া হয়।

 

মন্তব্য করুন