প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর চৌরাস্তা বাজারে সরকারি হালট দখল করে মার্কেট নির্মাণ এবং দোকানঘর ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে একটি বাজার ব্যবসায়ী কমিটির বিরুদ্ধে। একই এলাকায় পৃথক আরেকটি সরকারি হালট দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি সদস্য আবিদ হোসেন বাবুলের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালট দুটির আরএস দাগ নম্বর যথাক্রমে ৬২২২ ও ৬২৯৫/৭৫। সরেজমিনে দেখা যায়, একটি হালটে বাজার ব্যবসায়ী কমিটি ১০টি পৃথক দোকানঘর নির্মাণ করেছে। সেখানে মাছের বাজার বসানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে, অপর হালটেও বড় আকারের একটি দোকানঘর নির্মাণের কাজ চলছে। এ ছাড়া বিগত সময়ে হালট দুটির বিভিন্ন অংশে একাধিক বসতবাড়ি নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে খবর পেয়ে মির্জাপুর ভূমি অফিসের নায়েব মাহবুব আলম ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নিষেধ করেন। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজার ব্যবসায়ী কমিটি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার বলেন, “হালটটি ইউনিয়ন পরিষদের নামে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা হয়েছে। সেখানে নির্মাণকাজ না করার জন্য সংশ্লিষ্টদের নিষেধ করা হয়েছিল। কিন্তু বাজার ব্যবসায়ী কমিটি নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।”
স্থানীয়দের দাবি, সরকারি হালটের সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ এবং দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মন্তব্য করুন