বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:১৭ পিএম

অনলাইন সংস্করণ

বিয়ের সাজে ছবি প্রকাশ, বরকে আড়াল করলেন পারশা পূর্ণী

ছোটপর্দার অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সাজে নিজের একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন। ছবিতে তার পাশে বরকেও দেখা গেছে। তবে বরের চেহারা আড়াল করে রেখেছেন অভিনেত্রী। পরে তার দেওয়া মজার ক্যাপশন ঘিরে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

২০২৪ সালে ‘লাভ লাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন পূর্ণী। এরপর ২০২৫ সালে জাহিদ প্রীতম পরিচালিত চরকি ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে উষা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

একই পরিচালকের ‘এক গুচ্ছ কদম’ নামের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন পূর্ণী। এ ছাড়া ২০২৬ সালের চলচ্চিত্র ‘ডোম’-এর সাউন্ডট্র্যাকে প্লেব্যাক গায়িকা হিসেবেও যুক্ত ছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সংগীত ও মডেলিংয়েও কাজ করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তার অনুসারী। সেখানে প্রায়ই নিজের ভাবনা ও বিভিন্ন বিষয় নিয়ে মতপ্রকাশ করেন তিনি।

সম্প্রতি বিয়ের সাজে ছবি প্রকাশ করে একটি রসিকতাপূর্ণ বার্তা দেন পূর্ণী। সেখানে তিনি লেখেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’

অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্ত-অনুরাগীদের কাছে ছবিটির বিষয়টি স্পষ্ট হয়। বিয়ের খবর দেওয়ার বদলে রসিকতা করেই এমন ছবি প্রকাশ করেছেন তিনি।

পোস্টের মন্তব্যের ঘরেও নেটিজেনরা নানা মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ছবিটি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, তা নিয়েও অনুমান করেছেন। তবে ছবিটি নিয়ে বিভ্রান্তির বদলে পূর্ণীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে মজায় মেতেছেন।

 

মন্তব্য করুন