তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৭ এ এম

অনলাইন সংস্করণ

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর বন্দর ঘাট এলাকার কাছ থেকে নৌপুলিশ তাঁর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নৌপুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কনস্টেবল রাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তাহসিফ সৌরির লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়ার পর আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

নৌপুলিশের পাঠানো বার্তায় বলা হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি লাশ ভাসতে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির গাজীপুরের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

নৌপুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। তাঁর মুখে হালকা দাড়ি ছিল। পরে ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।

তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

 

মন্তব্য করুন