প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫০ এ এম
অনলাইন সংস্করণ
নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তিনি জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির লাশ উদ্ধার করা হয়। তাঁর এক আত্মীয়কে খবর দেওয়ার পর লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার জানান, তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নিহত কে এম তাহসিফ সাউরির বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা ছিলেন।
মন্তব্য করুন