প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১১:১৪ এ এম
অনলাইন সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি টেলিভিশন নাটকে কাজের সংখ্যা কমিয়েছেন। একই ধরনের চরিত্রে অভিনয়ের একঘেয়েমি এবং পছন্দমতো গল্প ও চিত্রনাট্য না পাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এখন বড়পর্দা, ওটিটি ও নতুন ঘরানার কাজের দিকে বেশি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।
সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় নিজের অভিনয়জীবন, ব্যক্তিগত জীবনের অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেন সাদিয়া আয়মান।
টেলিভিশন নাটক, ওটিটি ও সিনেমায় তাঁকে সমানতালে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে সাদিয়া বলেন, ‘নাটকে ইতোমধ্যে কাজ কমিয়ে দিয়েছি। নাটকের এখনকার গল্পগুলো খুব একটা ভালো লাগছে না, মনের মতোও হয় না। একটা সময় স্ক্রিপ্ট এত ভালো লাগত যে কোনটা রেখে কোনটা করব, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কিন্তু এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, তা আর টানে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।’
একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাকে একজন শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। দর্শকদের নতুন ধরনের কাজ উপহার দেওয়ার লক্ষ্যেই বড়পর্দা, ওয়েব প্ল্যাটফর্ম ও ভিন্ন ঘরানার প্রকল্পের দিকে বেশি নজর দিচ্ছেন সাদিয়া।
নিজের স্বভাব ও জীবনদর্শন নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। সাদিয়া বলেন, ‘আমি সব সময় সোজা কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলাই আমার পছন্দ।’
মন্তব্য করুন