তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৩:৫২ পিএম

অনলাইন সংস্করণ

পরিবর্তন হলো এইচএসসির ফল প্রকাশের তারিখ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে সোমবার সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে ফল প্রকাশের সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। এ কারণে ওই দিন সকালে ফল প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন।

যেভাবে জানা যাবে ফল

পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ও মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

অনলাইনে ফলাফল: শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd এ প্রবেশ করে রোল নম্বর, নিবন্ধন নম্বর ও শিক্ষা বোর্ড নির্বাচন করে ফল দেখা যাবে। সেখান থেকে নম্বরপত্রও সংগ্রহ করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফল একসঙ্গে সংগ্রহ করতে পারবে।

এসএমএসের মাধ্যমে: মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর পরিবর্তে নিজের রোল নম্বর লিখতে হবে।

গত ২ জুলাই সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

 

মন্তব্য করুন