প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ইরান থেকে রাশিয়ার কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে মস্কো। তেহরানে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, কর্মীদের ইরান ছাড়ার কোনো পরিকল্পনা নেই এবং স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলছে। খবর তাসনিম নিউজ এজেন্সির।
রাশিয়ার সংবাদমাধ্যম ভেদোমোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটরের মাধ্যমে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়ে। একটি টেলিগ্রাম চ্যানেলের দাবি ছিল, ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত পারমাণবিক স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
তবে শনিবার দেওয়া এক বিবৃতিতে রুশ দূতাবাস জানায়, দূতাবাসের কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের কেউই ইরান ছাড়ার পরিকল্পনা করছেন না। এ-সংক্রান্ত খবরগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে দূতাবাস।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর বারবার হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও স্থাপনাটির ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গিয়েছিল।
সূত্র: ভেদোমোস্তি
মন্তব্য করুন