প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সরকার ও কমিশনের অনুমোদন ব্যতীত পরিচালিত সব দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার এবং টিউটোরিয়াল সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে।
সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানকে আগামী ২৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে কমিশনের কাছে বৈধতা নিশ্চিতকরণের জন্য আবেদন করতে হবে।
আদেশে উল্লেখ করা হয়েছে, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়াই অনেক প্রতিষ্ঠান শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনা করছে। অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা ইতোমধ্যে কমিশনের হস্তগত হয়েছে।
ইউজিসি জানায়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী, দেশে এই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে। বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুযায়ী, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতার আওতায় আসতে ২৫ এপ্রিলের মধ্যে আবেদন জমা দিতে হবে।
কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরও জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। অন্যথায়, অনুমোদনবিহীন কার্যক্রম চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন