প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। অভিযোগ, তিনি সম্প্রতি এক বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে “নাস্তিক” ও “ইসলাম বিদ্বেষী” হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি শেষ হয়েছে এবং এটি এখন আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি হুমায়ুন কবীর কর্নেল।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে পবিত্র জুমার নামাজের খুতবার পূর্বে এক আলোচনার সময় আমির হামজা টুকুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন। এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ, এর ফলে ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং বিশ্বব্যাপী তার সম্মানহানির ঘটেছে। মামলার মাধ্যমে ১০০ কোটি টাকার সম্মানহানি দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ হিসেবে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ডব্লিউ-এ) জারি করার আবেদন করা হয়েছে।
মন্তব্য করুন