প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের জবাব দিতে একই কৌশলে প্রতিরোধ চালাচ্ছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। সোমবার (৩০ মার্চ) সংঘাতের ৩১তম দিনেও তারা প্রতিশোধমূলক যৌথ হামলা চালিয়ে তেল আবিব ও হাইফার এলাকায় উত্তেজনা বৃদ্ধি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হাইফার কয়েকটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং বিস্ফোরণের পর ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, হাইফার বাজান তেল শোধনাগারে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়া দেখা গেছে। একই সঙ্গে হিজবুল্লাহ হাইফার নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তাদের বাহিনী ‘উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ’ দিয়ে হামলা চালিয়েছে।
এর আগে একটি ক্ষেপণাস্ত্র আঘাতের পর শহরের তেল শোধনাগারে আগুন লেগে যায়। তবে এটি সরাসরি আঘাতের কারণে নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনের ফলে ঘটেছে, তা স্পষ্ট নয়।
হিজবুল্লাহ আরও জানায়, ইসরাইলি বাহিনীর ওপর বেইত লিফ শহরে গাইডেড মিসাইল (নির্দেশিত ক্ষেপণাস্ত্র) ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, এই হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তির সংখ্যা বা তাদের অবস্থা জানা যায়নি।
মন্তব্য করুন