প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ
কন্নড় ভাষার আসন্ন চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এর একটি গান প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গানের দৃশ্য ও কথায় যৌন ইঙ্গিতপূর্ণ উপস্থাপনার অভিযোগ তুলে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহি।
সম্প্রতি প্রকাশিত গানের দৃশ্যে দেখা যায় নোরা একটি বারের ভেতরে নাচছেন। তার চারপাশে একদল পুরুষ নৃত্যশিল্পীও নাচছেন। বিশেষ করে গানের ‘হুক স্টেপ’ ঘিরেই সবচেয়ে বেশি আপত্তি উঠেছে। অভিযোগ রয়েছে, নাচের ভঙ্গিমা ও উপস্থাপনাকে অনেকেই অশালীন মনে করছেন।
সমালোচকদের দাবি, গানের কথাতেও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা রয়েছে। এ কারণে গানের গীতিকার রকিব আলম-কেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
সামাজিক মাধ্যমে অনেকেই গানটিকে ‘কুরুচিকর’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “অশ্লীলতাই এখন সবার উপরে জায়গা করে নিচ্ছে। এত জঘন্য গানের কথা এবং অশালীন নাচ সত্যিই হতাশাজনক।” আরেকজন মন্তব্য করেছেন, “২০২৬ সালেও এমন গান তৈরি হচ্ছে, যেখানে একজন নারীকে ভোগ্যপণ্যের মতো দেখানো হচ্ছে। একজন বর্ষীয়ান অভিনেতা হয়েও সঞ্জয় দত্ত কেন এমন নাচে অংশ নিলেন?”
এমন সমালোচনার মধ্যেই কেউ কেউ গানটির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের দাবিও তুলেছেন।
উল্লেখ্য, ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টী এবং রীশমা নানাইয়া। ছবিটি আগামী ৩০ এপ্রিল সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন