প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা ও অভিবাসী জীবনের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবারের অস্কার মঞ্চে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ মোট ছয়টি বিভাগে অস্কার জিতে নেয় পল টমাস অ্যান্ডারসন পরিচালিত এই রাজনৈতিক থ্রিলার।
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরে ছবিটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং সেরা সহ-অভিনেতাসহ মোট ছয়টি পুরস্কার অর্জন করে।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটিতে একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে।
এবারের অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতে নেয় ভ্যাম্পায়ার হরর চলচ্চিত্র ‘সিনার্স’। ১৬টি ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া এই সিনেমা সেরা অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত এবং সেরা সিনেমাটোগ্রাফিসহ মোট চারটি বিভাগে পুরস্কার পায়।
‘সিনার্স’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। তিনি এই পুরস্কারের দৌড়ে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং টিমোথি শ্যালামেকেও পেছনে ফেলেন। ছবিটি পরিচালনা করেছেন রায়ান কুগলার।
অন্যদিকে, ম্যাগি ও’ফ্যারোলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ছবিটিতে উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেসের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
এবারের অস্কারে সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কে-পপ ডেমন হান্টার্স’। গত বছর নেটফ্লিক্সে মুক্তির পর মিউজিক্যাল ঘরানার এই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দর্শকসংখ্যার রেকর্ডও গড়ে।
বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের আসর।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করতে গিয়ে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম যুদ্ধবিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, “যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।” তার এই বক্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।
মন্তব্য করুন