প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আহ্বান জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। জার্মান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, চলমান এই সংঘাতের সঙ্গে ন্যাটো-র কোনো সম্পর্ক নেই।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ-এর একজন মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, এই সংঘাত ন্যাটোর যুদ্ধ নয়। ফলে এতে জোটভুক্ত দেশগুলোর অংশগ্রহণের কোনো যৌক্তিকতা নেই।
সম্প্রতি ট্রাম্প ন্যাটো জোটের প্রতি ইঙ্গিত করে বলেন, জোটের সদস্যরা সহযোগিতা না করলে এর ভবিষ্যৎ “খারাপ” হতে পারে। সেই বক্তব্যের পরই বার্লিন তাদের অবস্থান আরও স্পষ্ট করে জানায়।
জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি অঞ্চলে সামরিক বা নজরদারি কার্যক্রমে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আগে ছিল না এবং বর্তমান পরিস্থিতিতেও তেমন সম্ভাবনা নেই। এ বিষয়ে জোহান ওয়াডেফুল ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, এই এলাকায় ন্যাটো সদস্যদের কোনো ভূমিকা তিনি দেখছেন না।
ইরানের সঙ্গে চলমান সংঘাত থামার লক্ষণ না থাকায় সাম্প্রতিক সময়ে চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ তার অবস্থান আরও কঠোর করেছেন। গত সপ্তাহে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত পরিকল্পনা এখনো স্পষ্ট নয়।
চ্যান্সেলরের মুখপাত্র আরও উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছিল যে এই অভিযানে ইউরোপীয় সহায়তার কোনো প্রয়োজন বা প্রত্যাশা তাদের নেই।
এদিকে আজ বার্লিনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে বৈঠকে বসবেন জার্মান চ্যান্সেলর। সেখানে ট্রাম্পের দাবি এবং ইউরোপের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন