দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম

অনলাইন সংস্করণ

আল্লাহর দেওয়া নিয়ামত পানিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: তরুণ কণ্ঠ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত এই পানিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে। নদী ও খালের দুই পাশে বৃক্ষরোপণ করতে হবে এবং মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করতে হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষের বসবাস। এত মানুষের খাদ্যের চাহিদা বিদেশ থেকে এনে পূরণ করা সম্ভব নয়। তাই দেশের মাটিকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে।"

তিনি বলেন, "এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। সামান্য যত্ন, গাছ লাগানো এবং একটু পানি দিলেই এই মাটিতে ভালো ফলন পাওয়া যায়।"

তিনি আরও বলেন, "পানি আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। এই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং মানুষ উপকৃত হয়। একসময় মাটির কাছাকাছি স্তরেই পানি পাওয়া যেত, কিন্তু বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। তাই পানির অপচয় বন্ধ করে সংরক্ষণ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।"

প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এসব খাল খননের মাধ্যমে মাটির উপরের পানিকে সংরক্ষণ করে কৃষি কাজে ব্যবহার করা হবে, যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন