প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের পেজিসকিয়ানের মন্তব্যের জের ধরে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে তেহরান। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, খুব শিগগিরই ইরানের ওপর আরও কঠোর হামলা চালানো হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান ইতোমধ্যে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং তাদের দিকে আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
তার মতে, ‘এই প্রতিশ্রুতি এসেছে কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণে।’
ট্রাম্প আরও বলেন, ইরানের ‘খারাপ আচরণ’ অব্যাহত থাকলে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।
তিনি সতর্ক করে বলেন, ‘পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে।’
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক রেকর্ড করা বার্তায় জানান, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে শর্ত রাখা হয়েছে, ওই দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরানও আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়বে না।
এদিকে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটিকে ‘প্রাথমিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।
মন্তব্য করুন