বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ১১:৫৮ এ এম

অনলাইন সংস্করণ

তবে কি আর কখনোই ক্যামেরার সামনে ফিরবেন না চিত্রনায়িকা পপি

দীর্ঘদিন ধরে অভিনয় জগত থেকে অন্তরালে থাকা ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি আর চলচ্চিত্রে না ফেরার ইঙ্গিত দিয়েছেন। বাকি জীবনটা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান বলে নিজের নতুন জীবন ভাবনার কথা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে পপি জানান, তিনি সুন্দর ও শান্তিময় জীবনের প্রত্যাশী। রূপালী জগতের ঝলমলে আলো থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করে তিনি বলেন, "সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।"

১৯৯৭ সালে ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখা পপি তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহু বাণিজ্যিক সফল ও সমালোচক-প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি অর্জন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে করোনাকালের শুরু থেকেই শুটিং স্থগিত রাখার পর ২০২১ সালের প্রথম দিক থেকে চলচ্চিত্র অঙ্গন ও সংবাদমাধ্যমের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন পপি।

পরবর্তীতে তাঁর অন্তর্ধানে বিভিন্ন গুঞ্জন উঠলে জানা যায়, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বর্তমানে চার বছর বয়সী এক পুত্রসন্তানের জননী। সন্তানের নাম আয়াত।

২০২৫ সালে দীর্ঘ বিরতি কাটিয়ে ভালো কোনো কাজ দিয়ে পর্দায় ফেরার ইচ্ছার কথা জানালেও ২০২৬ সালে এসে তাঁর আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না ভক্তরা। গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে সম্পূর্ণ ধর্মীয় অনুশাসন ও পরিবারের সঙ্গেই নিজের বাকি জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছেন এক সময়ের এই আলোচিত তারকা।

মন্তব্য করুন