আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:১৩ এ এম

অনলাইন সংস্করণ

ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে পাক সেনাপ্রধান আসিম মুনিরের ফোনালাপ

গুরুত্বপূর্ণ ইরান সফরের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিশেষ আলোচনার পরপরই সোমবার ইরানের রাজধানী তেহরান পৌঁছান পাক সেনাপ্রধান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ট্রাম্প-মুনির ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও জেনারেল আসিম মুনিরের মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং বিশেষ করে ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার তেহরানে পৌঁছেই ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসেন আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, পাক সেনাপ্রধান দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে রেজায়ি বলেন, "মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের অসংবেদনশীল আচরণ পরিবর্তন করতে হবে।" কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি তিনি গত জুনে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াশিংটনকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও আলাদা বৈঠক করেন সেনাপ্রধান আসিম মুনির। বৈঠকে গালিবাফ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করছে। এই চুক্তির মূল লক্ষ্য ছিল পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালির নৌনিরাপত্তা ও ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কারিগরি সংলাপ বজায় রাখা।

গালিবাফ আরও উল্লেখ করেন যে, ইরান এখনো আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিশ্রুতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এ অঞ্চলে ঘোর অবিশ্বাস তৈরি হয়েছে। কোনো বহিরাগত চাপে ইরান নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট জানান তিনি।

জবাবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা ও ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মন্তব্য করুন