প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
অনলাইনে নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন।
জাহ্নবীর করা মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অভিযোগ উঠে আসে। আদালত এসব কনটেন্টকে সাধারণ ভক্তদের পরিচালিত পেজ থেকে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলায় প্রায় সাত হাজার লিংকের বিষয়টি উল্লেখ করা হলেও এর মধ্যে ৫৫২টি আপত্তিকর ইউআরএল অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অশালীন ও বিকৃত কনটেন্ট দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালত পর্যবেক্ষণে বলেন, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে স্বয়ংক্রিয়ভাবে বেআইনি বলা যায় না। এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করার যৌক্তিকতা নেই।
তবে আদালত স্পষ্ট করেন, কোনো পেজে অশালীন কনটেন্ট প্রচার করা হলে বা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। ছবিটি গত জুনে মুক্তির পর অনলাইন প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে।
মন্তব্য করুন