বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমা থেকে দীপিকার সরে যাওয়ার এক বছরের বেশি সময় পর বিষয়টি আবার আলোচনায় এসেছে।

সম্প্রতি পরিচালকের ভাই প্রণয় দাবি করেন, দীপিকা সিনেমাটির মুনাফার ১০ শতাংশ দাবি করেছিলেন। পারিশ্রমিক ও সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত তাকে ছাড়াই সিনেমাটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র ভিন্ন দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অভিনেত্রী জীবনে মাত্র একবারই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দেখা করেছেন এবং সেই বৈঠকেও পরিচালক নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে উপস্থিত হন। ওই বৈঠকে সিনেমার পূর্ণাঙ্গ গল্পও তাকে জানানো হয়নি, শুধু এক লাইনে ধারণা দেওয়া হয়েছিল।

সূত্রটি আরও জানায়, পুরো গল্প না শুনে কোনো সিনেমায় কাজ করতে রাজি হন না দীপিকা। ফলে শুরু থেকেই ‘স্পিরিট’ তার বিবেচনায় ছিল না। একই সঙ্গে নির্মাতার দৃষ্টিভঙ্গি নিয়েও আপত্তি ছিল বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে প্রণয় জানান, প্রায় ১৮ মাস ধরে দীপিকাকে সিনেমাটিতে নেওয়ার জন্য আলোচনা চলেছিল। তবে তার পারিশ্রমিক ও মুনাফার অংশীদারিত্বের দাবি সিনেমার বাজেট ও আর্থিক কাঠামোকে জটিল করে তোলে। এ কারণে বিকল্প অভিনেত্রী খোঁজার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই পক্ষের এই ভিন্ন বক্তব্যের ফলে ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার প্রকৃত কারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

মন্তব্য করুন