তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৯ পিএম

অনলাইন সংস্করণ

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, সূচি প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ এর সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।

রোববার (২৩ আগস্ট) প্রকাশিত সূচিতে জানানো হয়, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়ভেদে পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থীকে মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে বহন করতে নিষেধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুষ্ঠু ও নির্ভুলভাবে পরীক্ষা সম্পন্ন করতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

মন্তব্য করুন