প্রকাশিত: ১২ অক্টোবার, ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের ইচ্ছা ছিল, ‘জেলার ২’ ছবিতে তামান্না ভাটিয়ার সঙ্গে একটি গানে পারফর্ম করবেন। এ বিষয়ে ছবির পরিচালক নেলসন দিলীপকুমারকে অনুরোধও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি দেননি পরিচালক। ছবির প্রচারে এসে নিজেই এ কথা জানিয়েছেন রজনীকান্ত।
অভিনেতার ভাষ্য, ‘জেলার ২’ ছবিতে যে বিষয়টির অভাব রয়েছে, তা হলো তামান্নার উপস্থিতি। তার এই মন্তব্য ঘিরে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ ছবিতে অতিথিশিল্পী হিসেবে হাজির হয়েছিলেন তামান্না ভাটিয়া। ছবিটির ‘কাভালা’ গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটিতে তামান্নার নাচ ও বিশেষ ভঙ্গি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
সেই সাফল্যের কথা মাথায় রেখেই সিকুয়েলেও তামান্নার সঙ্গে একটি গানে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রজনীকান্ত। কিন্তু পরিচালক নেলসন দিলীপকুমারের যুক্তি ছিল, শুধু অভিনেতার পছন্দের কারণে ছবিতে নতুন করে একটি গান যুক্ত করা যায় না।
এ প্রসঙ্গে মজার ছলে রজনীকান্ত বলেন, তামান্নাকে পছন্দ করেন—এমন কথা তিনি বলেননি। নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিলে এত দিনে হয়তো তার গুরুত্ব কমে যেত এবং তাকে বেঙ্গালুরুতে ফিরে যেতে হতো। দর্শকের পছন্দকে গুরুত্ব দেন বলেই তিনি এখনো এই অবস্থানে রয়েছেন বলেও মন্তব্য করেন অভিনেতা।
‘জেলার ২’ ছবিতে আবারও টাইগার মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে পর্দায় ফিরছেন রজনীকান্ত। ছবিতে তার সঙ্গে থাকছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মির্না ও ঋত্বিক। আগের ছবির এই শিল্পীদের পাশাপাশি সিকুয়েলটিতে নতুন মুখ হিসেবে দেখা যাবে এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালন, আন্না রাজন ও যতীন সারনাকে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’-এর। ছবিটির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার কথা ১১ অক্টোবর থেকে।
মন্তব্য করুন