প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত এসব ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদেরও পরে জানিয়ে দেওয়া হবে।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর বদলে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন যুক্ত হয়েছে। পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন