বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবার, ২০২৬, ০১:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি দুর্ঘটনার খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। তবে কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে দুর্ঘটনার খবর অস্বীকার করেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে তানজিন তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

এর কয়েক ঘণ্টা পরই রসিকতা ও খোঁচার সুরে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে তানজিন তিশা লেখেন— ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

অভিনেত্রীর এই দুই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। প্রকৃত ঘটনা জানতে একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সাধারণত কোনো তারকার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তানজিন তিশার পোস্ট ঘিরেও আলোচনা তৈরি হয়েছে। তবে তার দ্বিতীয় পোস্টে দুর্ঘটনার খবর অস্বীকার করার পর অনেকেই ধারণা করছেন, তিনি বড় কোনো দুর্ঘটনার শিকার হননি।

এদিকে, অভিনেত্রীর রসিকতাপূর্ণ পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। কিছু মন্তব্যে তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে। তবে পোস্ট দুটির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

মন্তব্য করুন