প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:৪২ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সংকট নতুন নয়। অন্তত আট বছর ধরে এই সমস্যা ভোগাচ্ছে দলকে। নতুন কোচ থমাস ডুলি সেই সংকট কাটাতে মরিয়া। তারই অংশ হিসেবে এবার বাংলাদেশের সাফ দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নিম্ন বিভাগের ফুটবলে খেলা স্ট্রাইকার মাহি খান, যিনি চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন নয়টি গোল।
ইংল্যান্ডের মল্টন এফসির হয়ে খেলছেন মাহি। ইংল্যান্ডেই জন্ম নেওয়া এই ফুটবলারের উচ্চতা ১ দশমিক ৮৩ মিটার, যা ফরোয়ার্ড হিসেবে তাকে বাড়তি সুবিধা দিতে পারে। বিশেষ করে ক্রস থেকে গোলের সুযোগ তৈরিতে তিনি দলের গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারেন। মূলত স্ট্রাইকার হিসেবে খেললেও দুই উইংয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
মাহির ফুটবলজীবনের শুরু কেটারিং টাউনের যুব দলে। সেখানে সাত বছর কাটানোর পর ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইয়াম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় তার। বর্তমানে তার ক্লাব মল্টন এফসি ইংল্যান্ডের ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলে। এটি ইংলিশ ফুটবলের নবম স্তরের লিগ।
বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা মাহির এবারই প্রথম নয়। গত আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনো গোলের দেখা পাননি এই ফরোয়ার্ড।
মাহিকে এখনই দলে ডাকার কারণ ব্যাখ্যা করেছেন কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘এখনই তাকে দলে নেওয়া অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার মতো। আমরা বিশ্বাস করি, আমাদের যে কাজটি দরকার, সে হয়তো তা করতে পারবে। এই মুহূর্তে পরিস্থিতি এমনই।’
ডুলির বক্তব্যে স্পষ্ট, স্ট্রাইকার সংকট কাটাতে নতুন বিকল্প খুঁজছে বাংলাদেশ দল। সাত ম্যাচে নয় গোল করা মাহির ওপর সেই আশার কিছুটা দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ক্লাব ফুটবলে তার গোল করার ধারাবাহিকতা জাতীয় দলে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন