নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৬:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁর সবুজ মাঠে হীরামন টিয়ার ঝাঁক

ছবি : সঞ্জয় কুমার

 

 

 

সবুজ শরীর, কাঁধে লাল প্যাঁচানো দাগ আর কয়েক সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক হীরামন টিয়া। কখনও কণ্ঠে মিষ্টি আওয়াজ তুলে আকাশে উড়ছে, আবার কখনও লম্বা ঘাসের শিষে বসে খাবার খাচ্ছে।
অগ্রহায়ণের শুরু থেকেই বিশেষ প্রজাতির এক ঝাঁক হীরামন টিয়া পাখির দেখা মিলছে নওগাঁ জেলার বদলগাছীতে।
বদলগাছী উপজেলার দোনইল গ্রামসহ আশপাশের ফসলের মাঠে মিষ্টি সৌন্দর্য নিয়ে উড়ে বেড়াচ্ছে এসব পাখি।


দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে খাবারের সন্ধানে মাঠে নামে হীরামন টিয়ার ঝাঁক। ঘাসের দানা ও শস্যবীজ খেতে খেতে কখনও দল বেঁধে ছড়িয়ে পড়ে ফসলের জমিতে।

মানুষের উপস্থিতি টের পেলেই মুহূর্তে উড়াল দিচ্ছে আকাশে। কিছুক্ষণ পর আবারও ফিরে আসছে।


গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পাখির উড়ে চলার দৃশ্য। সেই থেকেই হীরামনের রঙিন ডানার সৌন্দর্য নিজ চোখে দেখতে ছুটে আসছেন নওগাঁ ছাড়াও বগুড়া, ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন জেলার আলোকচিত্রীরা। তাঁদের কারও হাতে দামি ক্যামেরা, কারও হাতে ভিডিও ধারণের সরঞ্জাম। দূরত্ব বজায় রেখে পাখির গতিবিধি অনুসরণ করেন তাঁরা। একটি সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে কখনও দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয়। কেউ কেউ কাটিয়ে দিচ্ছেন পুরোটা দিন। শহরের ব্যস্ততা মাড়িয়ে গ্রামের ফসলি মাঠে এসে পাখির এই বিচরণ উপভোগ করা তাঁদের কাছে অন্য রকম এক অভিজ্ঞতা।


বদলগাছীর স্থানীয় আলোকচিত্রী সঞ্জয় কুমার। গত কয়েক দিনে মনের সাধ মিটিয়ে বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেছেন তিনি। জানান, প্রতি বছরই এই এলাকায় অল্পসংখ্যক হীরামন টিয়ার আগমন ঘটে। কিন্তু এ বছর প্রায় দেড় শতাধিক টিয়ার দেখা মিলেছে। মূলত খাবারের সন্ধানেই পাখিগুলো এখানে আসে। কয়েক মাস অবস্থানের পর আবার অন্যত্র চলে যায়। তবে মুশকিল হচ্ছে, এসব পাখি মানুষের বিরক্তি খুব একটা সহ্য করে না। তাই ছবি নেওয়ার সময় অনেক দূর থেকে সাবধানতার সঙ্গে নিতে হয়। একটি ভালো ছবি যেন মন আর চোখ দুটোকেই ঠান্ডা করে দেয়।
স্থানীয় পাখিপ্রেমীরাও যেন তাদের আদর-আপ্যায়নে ঘাটতি রাখছেন না। ওই গ্রামের যুবক আরিফ আফরান গ্রামের মাঠে তৈরি করেছেন হীরামনের খাবারের অনুকূল পরিবেশ। টিয়ার বিচরণ ধরে রাখতে তিনি নিজ খরচে জমিতে ছিটিয়েছেন বিদেশি জনসন ঘাসের বীজ। সেই ঘাসের বীজ ও দানা খেতেই প্রতিদিন ভোরে হাজির হয় পাখির দল।


স্থানীয় যুবক আরিফ আফরান বলেন, তার জমিতে পাখিদের আনাগোনা দেখতে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন ফটোগ্রাফার আসেন। এ পর্যন্ত অর্ধশত আলোকচিত্রী এখানে এসেছেন হীরামন টিয়ার ছবি তুলতে। পাখিগুলোর প্রতি মানুষের বাড়তি আগ্রহ দেখে আনন্দিত তিনিও।


তথ্য বলছে, বাংলাদেশ ছাড়াও চীন, ভুটান, উত্তর-পূর্ব ভারত, নেপাল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘন বনাঞ্চলে এই পাখি দেখা যায়। মূলত বাংলাদেশে হীরামন টিয়ার সাতটি প্রজাতির মধ্যে এটি একটি। সাধারণত শস্যবীজ, ছোট ফল ও ফুলের পাপড়ি এদের প্রধান খাবার। বড় গাছের প্রাকৃতিক কোটরে বসবাস করে এরা। জুলাই থেকে আগস্টের প্রজনন মৌসুমে স্ত্রী পাখি চার থেকে পাঁচটি ডিম দিয়ে থাকে।


একসময় রূপকথার গল্পে রাজকন্যা কিংবা রানিদের প্রিয় পাখি হিসেবে হীরামনের উল্লেখ পাওয়া যেত। সেই গল্পের পাখির বাস্তবে দেখা মিলছে এখন বদলগাছীর দোনইল গ্রামের ফসলের মাঠে। রঙিন পাখির এই আগমন শুধু আলোকচিত্রীদের আকর্ষণ করছে না, স্থানীয় প্রকৃতিতেও যোগ করেছে নতুন মাত্রা।

 

মন্তব্য করুন